বিছনাকান্দিতে ঘুরতে এসে পানিতে ডুবে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি পর্যটন কেন্দ্রের জিরো পয়েন্টে গোসল করতে নেমে পানিতে ডুবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম শান্ত চন্দ্র বনিক। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভান্ডার দহ গ্রামের ক্ষিতিশ চন্দ্র বনিকের ছেলে।
তিনি শাবিপ্রবির পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩ -২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুক্রবার (১৫ মে) বিকাল ৫ টার দিকে বিছনাকান্দি জিরো পয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত সহ শাবিপ্রবি পড়ুয়া ১১ জন সহপাঠী মিলে বিছনাকান্দিতে বেড়াতে আসে। বিকেলে ৪ টার দিকে তারা ৫ জন মিলে নদীর পানিতে জিরো পয়েন্টে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে শান্ত সহ তিন জন পানিতে তলিয়ে যায়।স্থানীয়রা দেখতে পেয়ে নৌকা নিয়ে দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও স্রোতের টানে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় শান্ত।
তার সাথে থাকা আশরাফ জানান, তারা ১১ জনের একটি টিম বিকাল ৩ টার দিকে বিছনাকান্দিতে বেড়াতে আসেন। তাদের মধ্যে ৫ জন পানিতে গোসল করতে নামেন। তিনজন পানিতে নামলে দুজন স্থানীয়দের সহযোগিতায় পাড়ে ওঠলেও স্রোতের টানে তলিয়ে যায় শান্ত।
খবর পেয়ে স্থানীয় টুরিস্ট পুলিশ, গোয়াইনঘাট থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এ প্রতিবেদন লেখা সময় রাত সাড়ে ৮ টা পর্যন্ত নিখোঁজের কোন সন্ধান পায়নি তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান, তিনি বলেন, বিছনাকান্দিতে গোসলে নেমে পানিতে ডুবে শান্ত চন্দ্র বনিক নামে শাবিপ্রবির এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী মানবকন্ঠকে বলেন, বিছনাকান্দি পর্যটন কেন্দ্রের জিরো পয়েন্টে গোসলে করতে নেমে পানিতে ডুবে শাবিপ্রবির এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।




Comments