চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। উপজেলার ভাটিয়ারী ও সোনাইছড়ি এলাকায় পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহকারী তারিন আক্তার (৩০) ও তার ২২ মাস বয়সী শিশুকন্যা ইয়াসা এবং উপজেলার দক্ষিণ সোনাইছড়ি এলাকার বাসিন্দা মো. তাহের আহম্মদ (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) বিকেলে স্বামী ও শিশুকন্যাকে নিয়ে মোটরসাইকেলে করে ভাটিয়ারী গলফ ক্লাবে বেড়াতে যান তারিন আক্তার। ভ্রমণ শেষে রাতে বাসায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএম গেট এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন মা ও মেয়ে। এসময় একইমুখী একটি দ্রুতগামী গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারিন আক্তারের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত শিশু ইয়াসাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে শিশুটিরও মৃত্যু হয়।
সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, নিহত তারিন আক্তার বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, শনিবার (১৬ মে) ভোরে উপজেলার দক্ষিণ সোনাইছড়িস্থ গামারীতলা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মো. তাহের আহম্মদ নামে এক বৃদ্ধ নিহত হন। তিনি ওই এলাকার সেকান্দর মিয়া বাড়ির মৃত জাগির আহম্মদের ছেলে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং ঘাতক গাড়িগুলো শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মানবকণ্ঠ/ডিআর




Comments