ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে বসিলা নৌ পুলিশ। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে বসিলা ব্রিজের পিলারের পাশে কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহতের পরনে কালো রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট ও নীল রঙের ফুলহাতা গেঞ্জি ছিল। মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ লক্ষ্য করা গেছে।
স্থানীয়রা জানান, সকালে বসিলা ব্রিজের নিচে কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠায়।
বসিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউল হক জানান, মরদেহটি অন্তত ৮-১০ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় পানিতে থাকায় হাত-পায়ের চামড়া খসে পড়েছে, যার ফলে তাৎক্ষণিকভাবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments