Image description

কুমিল্লার নাঙ্গলকোটের নুর আলম (৪৫) নামে  প্রবাসী সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। একই ঘটনায় তার সঙ্গী জেলার চৌদ্দগ্রাম উপজেলার ইদ্রিস মিয়া নামক অপর ব্যক্তিও নিহত হয়। 

নুর আলম নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের মরহুম খলিল সওদাগরের ছেলে। 

মৃত্যুকালে তার মাতা, স্ত্রী ও ২ ছেলে ২ মেয়ে রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নুর আলম সৌদি আরবের রিয়াদে ব্যবসা করতেন। শুক্রবার মাল ক্রয়ের জন্য সে জেদ্দায় যায়। মালামাল ক্রয় করে আবার রিয়াদে ফেরার পথে আফিফ নামকস্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যায়। এসময় তার সঙ্গী জেলার চৌদ্দগ্রামের ইদ্রিস মিয়া নামক অপর ব্যক্তিও মারা গেছে।

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী ও নিহত নুর আলমের ভাগিনা মনির হোসেন জানান, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তার মামা নুর আলম ও তার সঙ্গী চৌদ্দগ্রাম উপজেলার ইদ্রিস মিয়া নামক অপর প্রবাসী এবং একজন সৌদি নাগরিক মারা যায়। গাড়ির চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে তিনি জানান। প্রবাসী নুর আলমের মৃত্যুর সংবাদে তার পরিবারসহ এলাকার সর্বত্র চলছে শোকের মাতম। 

নিহতের স্ত্রী সুমি আক্তার বলেন, দ্রুততম সময়ের মধ্যে তার স্বামীকে দেশে ফিরে আনার ব্যবস্থা গ্রহনের জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান। 

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রবাসী পরিবারের জন্য প্রয়োজনীয় সকল ধরণের সহযোগিতা প্রদান করা হবে।