Image description

নীলফামারী-সৈয়দপুর রেলপথে দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের পর এই রুটে রেল যোগাযোগ পুনরায় শুরু হয়।

এর আগে, সকাল সোয়া আটটার দিকে খয়রাত নগর রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর পড়ে থাকা গাছের ডালের কারণে 'খুলনা মেইল' ট্রেনের ইঞ্জিনের সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে নীলফামারীর সাথে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। দুপুর ১টার দিকে লাইনচ্যুত ইঞ্জিনটি লাইনে তোলা সম্ভব হয়। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

নীলফামারী রেলস্টেশনের মাস্টার মিঠুন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাইনের ওপর পড়ে থাকা গাছের ডালের কারণেই মূলত এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। উদ্ধার কাজ শেষ হওয়ায় বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর