মাদারীপুরের শিবচরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ ফারুক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১৭ মে) দুপুর সোয়া ৩টার দিকে উপজেলার মাদবরের চর ইউনিয়নের ভ্যালি ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ফারুকের বাড়ি খুলনার তেরোখাদা এলাকায় হলেও তিনি গত ১৫ বছর ধরে শিবচরের ভ্যালি ব্রিজ এলাকায় বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, গত ৮ মে গভীর রাতে মাদারীপুরের রাজৈর এলাকা থেকে একটি পিকআপ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে শিবচর থানা পুলিশ ভ্যালি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ফারুককে আটক করে। এ সময় তার কাছ থেকে রাজৈর থেকে চুরি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়। এছাড়া তার হেফাজতে থাকা আরও তিনটি পিকআপ জব্দ করা হয়, যেগুলোর কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।
অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন কাদের জানান, আটক ফারুক স্থানীয়দের কাছে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন। প্রকৃতপক্ষে তিনি কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত কি না, তা যাচাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়ি চুরি ছাড়াও তিনি গরু ডাকাতিসহ বিভিন্ন আন্তঃজেলা অপরাধ চক্রের সাথে জড়িত।
জব্দকৃত যানবাহনগুলো থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মানবকণ্ঠ/ডিআর




Comments