সৈয়দপুরে বাইসাইকেল রেখে ইমামের মোটরসাইকেল নিয়ে গেল চোর
নীলফামারীর সৈয়দপুর শহরে এক ব্যতিক্রমধর্মী চুরির ঘটনা ঘটেছে। ফজরের নামাজ পড়াতে এসে নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি হারিয়েছেন এক মসজিদের ইমাম। তবে মোটরসাইকেল নিয়ে গেলেও চোর ঘটনাস্থলে তার নিজের ব্যবহৃত একটি পুরনো বাইসাইকেল রেখে গেছে।
সোমবার (১৮ মে) ভোরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর জুম্মাপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাওলানা আব্দুর রাজ্জাক ওই মসজিদের ইমাম। প্রতিদিনের মতো তিনি তাঁর ১২৫ সিসির হিরো মোটরসাইকেলটি (নম্বর: নীলফামারী-হ-১৩-৭৪৫৫) মসজিদের সামনে রেখে ফজরের নামাজের ইমামতি করতে যান। নামাজ শেষে বেরিয়ে তিনি দেখেন তাঁর নির্ধারিত স্থানে মোটরসাইকেলটি নেই, বরং সেখানে একটি অপরিচিত পুরনো বাইসাইকেল পড়ে আছে।
স্থানীয় মুসল্লি ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, চোর বাইসাইকেলে চড়ে এসে সুযোগ বুঝে সেটি রেখে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে গেছে। এই অদ্ভুত চুরির ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ বিষয়ে সৈয়দপুরের গাউসিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা রিদওয়ান আল কাদেরী জিলানী বলেন, "মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি এমনিতেই সীমিত। এর মধ্যে যদি তাঁদের অতি প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে যায়, তবে তাঁরা অসহায় হয়ে পড়েন। আমরা প্রশাসনের কাছে দ্রুত মোটরসাইকেলটি উদ্ধারের দাবি জানাচ্ছি।"
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার ও মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments