Image description

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ২০ হাজার ৩শ ৫১টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ভিজিএফ কর্মসূচীর আওতায় মোট ২০৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।

সোমবার (১৮ মে) সকাল থেকেই উপজেলার সৈয়দপুর, বারৈয়াঢালা, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়ীয়া, কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারী, সলিমপুর ইউনিয়ন এবং সীতাকুণ্ড পৌরসভায় উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এর অংশ হিসেবে ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৩ হাজার ১০ জন মানুষের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা শোভন কান্তি ভৌমিক, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, মোঃ জসিম উদ্দিন, মাহবুব আলমসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

চাল বিতরণকালে প্রশাসনিক কর্মকর্তা জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফ কার্ডধারী অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিতে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সকল উপকারভোগীর হাতে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

মানবকণ্ঠ/ডিআর