গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর সড়কে মুরগিবাহী একটি পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
মঙ্গলবার (১৯ মে) সকালে দাড়িয়াপুর সড়কের ঠাকুরের দিঘী ও কুমারপাড়ার মাঝামাঝি ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ী গ্রামের পাতা মিয়ার ছেলে ইজিবাইক চালক ফরিদ মিয়া (৩৫), সদর উপজেলার দক্ষিণ আনালেরতারি গ্রামের মাসুদুর রহমানের ছেলে রুস্তম আলি (৪০) এবং একই গ্রামের মিজানুর রহমানের ছেলে মানিক মিয়া (৩৩)। আহত ৪ জন বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রী নিয়ে ইজিবাইকটি দাড়িয়াপুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক যানটি জব্দ করার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments