কুয়াকাটায় শ্রেণিকক্ষ দখল করে শিক্ষিকার বসবাস, ব্যাহত পাঠদান
পটুয়াখালীর কুয়াকাটায় ১৩৯ নং ফাঁসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ দখল করে দীর্ঘ ছয় মাস ধরে সপরিবারে বসবাস করছেন এক শিক্ষিকা। বিদ্যালয়ের কক্ষটিকে বসতঘরে রূপান্তর করে রান্নাবান্নাসহ যাবতীয় গৃহস্থালি কাজ চালানো হচ্ছে, যার ফলে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে।
অভিযুক্ত সহকারী শিক্ষিকা শিউলী পারভিন ও তার স্বামী ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুর রব সিদ্দিকী দীর্ঘদিন ধরে এই কক্ষটি দখল করে আছেন। সরেজমিনে জানা গেছে, শ্রেণিকক্ষের বেঞ্চ ও অন্যান্য শিক্ষা উপকরণ ব্যবহার করেই তারা কক্ষটিকে থাকার উপযোগী করে তুলেছেন। বিদ্যালয় চলাকালীন সময়ে ওই কক্ষে রান্না ও সাংসারিক কর্মকাণ্ড চলায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সাবেক প্রধান শিক্ষকের প্রভাব ও ভয়ে অন্য শিক্ষক বা অভিভাবকরা এ বিষয়ে সরাসরি প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। তবে তারা দ্রুত ওই কক্ষটি অবমুক্ত করে পুনরায় পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদ বলেন, "শ্রেণিকক্ষ দখল করে বসবাসের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।"
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. শাহিদা বেগম জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments