Image description

ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে পথ হারিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে চলে আসা শারমিন আক্তার (১১) নামের এক তরুণীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন ঢাকা থেকে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠলেও ভুলবশত দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় চলে আসে। সেখানে বাস থেকে নামার পর সে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে। বিষয়টি স্থানীয় যুবক আকাশ ও রায়হানসহ কয়েকজনের নজরে এলে তারা তাকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ের জন্য ঘোড়াঘাট থানায় নিয়ে যান।

শারমিন নিজের নাম ও পরিবারের কিছু তথ্য দিতে পারলেও সঠিক ঠিকানা বা মোবাইল নম্বর স্পষ্টভাবে বলতে পারছিল না। পরে ঘোড়াঘাট থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে এবং বিভিন্ন থানায় যোগাযোগ করে তার পরিবারের সন্ধান পায়। জানা যায়, শারমিন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুঠিবাড়ী গ্রামের কালু মিয়ার মেয়ে। সে গত ১৮ মে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, "আমরা তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং গাজীপুরের টঙ্গী থানা পুলিশের সাথে সমন্বয় করে মেয়েটির পরিবারের সাথে যোগাযোগ করি। খবর পেয়ে শারমিনের মা কোহিনুর বেগম থানায় উপস্থিত হলে প্রয়োজনীয় জিম্মানামা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শারমিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"

সন্তানকে ফিরে পেয়ে শারমিনের মা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মানবকণ্ঠ/ডিআর