পূবাইলে ‘দাদার’ লালসায় ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী
গাজীপুর মহানগরীর পূবাইলে ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১৪) বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে মো. কামাল (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। লম্পট কামালের লালসার শিকার হয়ে ওই কিশোরী বর্তমানে ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
মঙ্গলবার (১৯ মে) গ্রেপ্তারকৃত কামালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত মো. কামাল স্থানীয়ভাবে ওই কিশোরীর দূর সম্পর্কের ‘দাদা’ হিসেবে পরিচিত। এই পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়েই সে দীর্ঘ দিন ধরে মেয়েটিকে কুপ্রস্তাব দিয়ে আসছিল।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৫ নভেম্বর দুপুরে ভুক্তভোগীর মা-বাবা কর্মস্থলে থাকার সুযোগে কামাল কৌশলে কিশোরীকে তার নিজের বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে প্রাণনাশের ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। লোকলজ্জা ও ভয়ে বিষয়টি এতদিন গোপন থাকলেও সম্প্রতি মেয়েটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের মনে সন্দেহ জাগে। পরে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় কিশোরী ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পূবাইল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর সোমবার রাতে নগরীর কলের বাজার এলাকায় অভিযান চালিয়ে এসআই সাব্বির আহমেদের নেতৃত্বে পুলিশ অভিযুক্ত কামালকে গ্রেপ্তার করে।
পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছে। মঙ্গলবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments