ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ গ্রামের বাড়িতে, রাঙ্গুনিয়াজুড়ে শোকের আবহ
চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর গ্রামের পরিবেশ আজ ভারী হয়ে আছে কান্না আর শোকে। গ্রামের সরু পথ পেরিয়ে একের পর এক মানুষ ভিড় করছেন গ্রামের বান্দারাজার পাড়ার আবদুল মজিদের বাড়িতে। এই বাড়ির চার সন্তান ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। তাদের মরদেহ দেখতে মানুষদের এই আগমন।
ওমানে বিষাক্ত গ্যাসে মারা যাওয়া চার সহোদরের মরদেহ মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে ঢাকায় পৌঁছায়। সেখানে মরদেহ গ্রহণ করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। পরে রাতেই মরদেহগুলো গ্রামের বাড়িতে নেওয়া হলে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ।
পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে চার ভাই ওমানে অবস্থান করছিলেন। সম্প্রতি দেশে ফেরার প্রস্তুতির মধ্যেই ঘটে এই দুর্ঘটনা, যেখানে তারা প্রাণ হারান।
নিহতদের দাফনের জন্য আগে থেকেই পাশাপাশি চারটি কবর প্রস্তুত রাখা হয়। একসঙ্গে চার ভাইয়ের জন্য চারটি কবর খোঁড়ার দৃশ্য স্থানীয়দের গভীরভাবে নাড়া দেয়। শেষবারের মতো প্রিয়জনদের দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।
নিহত চার ভাইয়ের জানাজা বুধবার (২০ মে) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি চার কবরে তাদের দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার জানিয়েছে।
একসঙ্গে চার ভাইয়ের এমন করুণ মৃত্যুতে রাঙ্গুনিয়াজুড়ে শোকের আবহ বিরাজ করছে।




Comments