রংপুরের পীরগাছা উপজেলার কৈকুরী ইউনিয়নের চৌধুরানী বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম পীরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রেকর্ড করে তদন্ত শুরু করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রামনাথপুর এলাকার ব্যবসায়ী ও আলমগীর হার্ডওয়্যার এন্ড ভ্যারাইটিজ স্টোরের মালিক মোঃ জাহাঙ্গীর আলমের দোকানের এক কর্মচারীর সঙ্গে এক ভ্যানচালকের কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে বিষয়টি কেন্দ্র করে হাতাহাতির সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, ওই ভ্যানচালক বিচার দাবির কথা বলে ২০ থেকে ৩০ জন লোক নিয়ে দোকানে এসে এলোপাতাড়ি হামলা চালায়।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা দোকানে ঢুকে তাকে ও কর্মচারীদের মারধর করে এবং দোকানের বিভিন্ন মালামাল ভাঙচুর চালায়। এ সময় দোকান থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। হামলায় কয়েকজন আহত হন এবং পরে স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে আতঙ্ক সৃষ্টি করে এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এছাড়া কম্পিউটার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র নষ্ট করার অভিযোগও আনা হয়েছে।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, তারা দোকানে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা প্রত্যক্ষ করেছেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পীরগাছা থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে বাজার এলাকায় নিরাপদ ব্যবসা পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।




Comments