ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন তাঁর দায়িত্ব গ্রহণের প্রথম ৬০ দিনের উন্নয়ন কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার (২০ মে) দুপুর ২টায় মসিকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি নগরীর উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব ধরনের পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে মসিক প্রশাসক বলেন, "আমি দায়িত্ব নেওয়ার পর এই নগরীর প্রধান সমস্যা ‘জ জলাবদ্ধতা’ নিরসনকেই বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। গত ৬৪ দিনে প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে দিনরাত কাজ করেছি। বর্তমানে খালগুলোর পানি প্রবাহ সচল রয়েছে এবং জলাবদ্ধতা সমস্যা অনেকটাই নিরসন হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য পরিকল্পিত কর্মযজ্ঞ চলমান আছে।"
নিজেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, "জনগণের কল্যাণে নগরীকে বদলে দিতে চাই। সিএনজি বাসস্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধ এবং থমকে থাকা আর্চ ব্রিজ প্রকল্পের কাজ দ্রুত শেষ করাই আমার লক্ষ্য। সরকারি জমি উদ্ধারে আমি আপসহীন। এছাড়া চরপাড়া এলাকার যানজট নিরসনে কোনো ‘স্যাক্রিফাইস’ করা হবে না।"
নগরীর মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসক বলেন, "আমাদের প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় মাদক নির্মূল করা জরুরি। এ ক্ষেত্রে প্রশাসন ও গণমাধ্যমের একান্ত সহযোগিতা প্রয়োজন।" তিনি আরও যোগ করেন, "এসি রুমে বসে নয়, ইনসাফ ও ন্যায়ের পক্ষে মাঠে থেকে কাজ করতে হবে। দুই-চারজনের সমালোচনা আমার পথচলা থামাতে পারবে না।"
সভার শুরুতে প্রশাসক গত ৬০ দিনে নগরীর খাল খনন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, আইনশৃঙ্খলা উন্নয়ন, যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক উন্নয়নসহ শতাধিক প্রকল্পের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোছা. শিরিন সুলতানা, পরিবহন শাখার মহাব্যবস্থাপক রাজিব উল আহসান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এবং প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।
মানবকণ্ঠ/ডিআর




Comments