বরিশালের গৌরনদী উপজেলায় পানবরজে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভিমেরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গৌরনদীর মাহিলাড়া ইউনিয়নের ভিমেরপাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) এবং উজিরপুর উপজেলার খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)। আহত শ্রমিকের নাম গোপাল সরকার (৪০)। তিনি দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তিন শ্রমিক দুপুরে ভিমেরপাড় এলাকার একটি পানবরজে কাজ করছিলেন। বেলা ২টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পানবরজের পাশে একটি ছাউনিতে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই আলিম ও সুকান্ত মারা যান। গুরুতর আহত অবস্থায় গোপাল সরকারকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌকির হোসেন জানান, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহত গোপাল সরকারকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments