Image description

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে কয়েক হাজার বিক্ষুব্ধ মানুষ ঘটনাস্থল ঘেরাও করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হলেও উত্তেজিত জনতার কারণে পুলিশও অনেকটা অবরুদ্ধ অবস্থায় পড়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকার একটি ভবনে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ধর্ষণের অভিযোগ ওঠার পরপরই আশপাশের শত শত মানুষ জড়ো হয়ে অভিযুক্ত ব্যক্তি যে ভবনে অবস্থান করছেন, সেটি ঘিরে ফেলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। অন্যদিকে, উত্তেজিত জনতা অভিযুক্ত যুবককে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে ভবনের সামনে স্লোগান দিচ্ছেন এবং পুলিশকে ভবন থেকে বের হতে বাধা দিচ্ছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসেইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, "শিশুটিকে উদ্ধার করে ওসিসিতে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। বিক্ষুব্ধ জনতা ভবনটি ঘেরাও করে রাখায় অভিযুক্তকে বের করে আনা সম্ভব হচ্ছে না। তবে আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি এবং অভিযুক্তকে অবশ্যই দ্রুত আইনের আওতায় আনা হবে।"

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। উত্তেজিত জনতার অবস্থানের কারণে নিরাপত্তা নিশ্চিত করে তাকে ভবন থেকে বের করে আনা বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, ঢাকার পল্লবীতে এক শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সারা দেশের মতো চট্টগ্রামেও যখন বিক্ষোভ চলছে, তার মধ্যেই বাকলিয়ায় এই নতুন ঘটনাটি নগরজুড়ে বাড়তি উত্তেজনার সৃষ্টি করেছে।

মানবকণ্ঠ/ডিআর