Image description

মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জীবন হোসেন (১৮) ও নয়ন হোসেন (১৮) নামের দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জীবন হোসেন মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের ক্লাবপাড়ার আমিরুল ইসলামের ছেলে এবং নয়ন হোসেন মেহেরপুর শহরের খন্দকারপাড়ার হাফিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর থেকে মোটরসাইকেলে করে দুই বন্ধু মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। পথে বন্দর এলাকায় পৌঁছালে অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তারা দুজনেই গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

মানবকণ্ঠ/আরআই