মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ; হাইওয়ে থানার ৫ পুলিশ সদস্য ক্লোজড
সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় মহাসড়কে দায়িত্ব পালনকালে মোটরসাইকেল চালকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে হাটিকুমরুল হাইওয়ে থানার পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন; হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই তোফাজ্জল হোসেন, এএসআই সোহেল রানা, পিকআপ ভ্যানচালক লিটন, কনস্টেবল আব্দুর রউফ ও কনস্টেবল ফজলু।
রবিবার (২৪ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।
তিনি জানান, গত ২১ মে হাটিকুমরুল মোড়ে দায়িত্ব পালনকালে এক মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫০০ টাকা নেওয়ার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে থানাকে অবহিত করেন। পরে বিষয়টি হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপারের নজরে আনা হয়।
পরে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ সুপার কার্যালয়ে ক্লোজড করার নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা ইতোমধ্যে কর্মস্থল ত্যাগ করেছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, মহাসড়কে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগ জনমনে আস্থাহীনতা তৈরি করে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




Comments