Image description

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি বনের ভেতরে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী একটি খালি তেলবাহী ওয়াগনের একটি বগি লাউয়াছড়া বনের ভেতরে হঠাৎ লাইনচ্যুত হয়। এতে এই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর পরই রেলওয়ের প্রকৌশলী ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা বগিটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ ত্বরান্বিত করতে হাইড্রোলিক টুলব্যানসহ প্রয়োজনীয় সরঞ্জাম আনা হচ্ছে।

হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে ঢাকাগামী ও সিলেটগামী ট্রেনগুলো আটকা পড়েছে, যার ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত রেলযোগাযোগ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে।