Image description

নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে মা ও দুই মেয়ে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের নূরজাহান বেগম (৪০) এবং তাঁর দুই মেয়ে স্মৃতি আক্তার (১৬) ও ইতি আক্তার (১০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস চল্লিশা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে সরাসরি চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নূরজাহান বেগম প্রাণ হারান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুই মেয়েকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নেত্রকোণা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাজহারুল আমিন জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকি তিনজনের চিকিৎসা চলছে, তবে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। ঘাতক বাসটি জব্দ করার চেষ্টা চলছে। একই পরিবারের তিনজনের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

মানবকণ্ঠ/আরআই