মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ২ জনের মৃত্যু, আশঙ্কাজনক ২
রংপুরের মিঠাপুকুরে বিষাক্ত ও নিষিদ্ধ অ্যালকোহল পান করে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৩১ মে) রাতে উপজেলার বালারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার কাফ্রীখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৫০) এবং একই ইউনিয়নের বুজরুক ঝালই এলাকার মৃত মতিয়ার মিয়ার ছেলে হুজুর আলী (৪৫)।
গুরুতর অসুস্থরা হলেন— বুজরুক ঝালই পাকারমাথা এলাকার মৃত সুলতান আলীর ছেলে এরশাদ মিয়া (৪০) এবং সংগ্রামপুর বেলতলা এলাকার মৃত কফুর উদ্দিনের ছেলে সাজু মিয়া (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে বালারহাট বাজারে কয়েকজন ব্যক্তি একত্রে নিষিদ্ধ অ্যালকোহল পান করেন। পরে বাড়িতে ফেরার পর তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুজুর আলীর মৃত্যু হয়। অন্যদিকে, ছাত্তার মিয়া তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কয়ারমারি গুচ্ছগ্রামে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা যান। তার মরদেহ বর্তমানে এনায়েতপুর সাতভেন্টি এলাকায় তার বোনের বাড়িতে রাখা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মদ্যপানেই তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন করার চেষ্টা চালানো হচ্ছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ হোসেন বলেন, "প্রাথমিকভাবে মদ্যপানের কারণে মৃত্যুর বিষয়টি জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments