চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে শাফায়াত উল্লাহ (৩৫) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাফায়াত উল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি ছিলেন। তিনি ওই এলাকার একজন পরিচিত মুখ এবং পেশায় কসমেটিকস ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি ধর্মীয় বক্তা হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ মাহফিলে অংশ নিতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (৩১ মে) রাত ১টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় শাফায়াত উল্লাহকে একটি বিষধর সাপ দংশন করে। বিষয়টি টের পাওয়ার পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বেগমপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোশাররফ হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, "শাফায়াত উল্লাহ ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।"
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমেল রানা জানান, সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ধর্মপ্রাণ ও সমাজসেবক হিসেবে সুপরিচিত ক্বারী শাফায়াত উল্লাহর আকস্মিক মৃত্যুতে তার পরিবার, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments