Image description

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডারবাহী একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে মোট প্রাণহানির সংখ্যা ৫-এ পৌঁছায়। এর আগে ভোরে দুর্ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছিল।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালীগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার মালীগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহত ছয়জনকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে আরও একজনের মৃত্যু হয়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, "দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই আমাদের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রাইভেটকারটি ট্রাকের পেছনে এমনভাবে আটকে গিয়েছিল যে তা বের করতে বেশ বেগ পেতে হয়েছে।"

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের বিভিন্ন ইউনিটের সহায়তায় তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাকটি জব্দ করে শিবচর হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর