Image description

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য (কুমিল্লা-৪) হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (২ জুন) সকাল ৯টায় কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হন। পরিদর্শনকালে নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় পাঁচজন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এমপি হাসনাত আব্দুল্লাহ প্রায় দেড় ঘণ্টা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করেন। তিনি জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান নিয়ে খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের ২৬ জন চিকিৎসকের মধ্যে ৫ জনকে কর্মস্থলে পাওয়া যায়নি। কোনো প্রকার আগাম তথ্য ছাড়া দায়িত্বে অবহেলার এই চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, “চিকিৎসকদের সঠিক সময়ে কর্মস্থলে থাকা বাধ্যতামূলক। সংসদ সদস্যের পরিদর্শনে পাঁচজনের অনুপস্থিতির বিষয়টি প্রমাণিত হয়েছে। তাদের কেন শোকজ করা হবে না, তা জানতে চেয়ে চিঠি দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককেও অবহিত করব।”

পরিদর্শন শেষে হাসনাত আব্দুল্লাহ বলেন, “জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো প্রকার নয়ছয় সহ্য করা হবে না। চিকিৎসকরা সময়মতো না আসায় রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। এখন থেকে প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সকল চিকিৎসকদের নিয়ে দিনের কার্যক্রম নিয়ে ব্রিফিং করবেন এবং সেই সভার উপস্থিতির তালিকা নিয়মিত আমাকে পাঠাতে হবে।”

তিনি আরও হুঁশিয়ারি দেন যে, শোকজ প্রাপ্ত চিকিৎসকরা যদি সন্তোষজনক জবাব দিতে না পারেন, তবে তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মহিবুস ছালাম জানান, অভিযুক্ত চিকিৎসকদের আগামী তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

পরিদর্শনকালে জেলা ডেপুটি সিভিল সার্জন রেজা মো. সারোয়ার আকবরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এমপির সঙ্গে ছিলেন। সংসদ সদস্যের এমন কঠোর অবস্থানে সাধারণ রোগীদের মধ্যে স্বস্তি দেখা গেলেও হাসপাতাল কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মানবকণ্ঠ/আরআই