৭ ফুট লম্বা ডাটা শাক বিক্রি ১০০ টাকায়, ভাইরাল কৃষক ফেরদৌসের বাগানে দর্শনার্থীদের ভিড়
গাজীপুর মহানগরীর পূবাইলে ৭ ফুটেরও বেশি লম্বা ব্যতিক্রমী ‘ডাটা শাক’ চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন আদর্শ কৃষক ফেরদৌস মিয়া। বিশাল আকৃতির এই ডাটা শাকের খবর ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দেখতে ও কিনতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন তাঁর বাগানে। প্রতিটি ডাটা শাক তিনি ১০০ টাকা দরে বিক্রি করছেন।
পূবাইলের সাপমারা এলাকার বাসিন্দা ফেরদৌস মিয়া স্থানীয়ভাবে ‘স্মার্ট কৃষক’ ও ‘সৌখিন কৃষক’ হিসেবে পরিচিত। বিগত বছরগুলোতে পেঁপে চাষে ব্যাপক সাফল্য পেলেও গত বছর বৈরী আবহাওয়া ও বীজের ত্রুটির কারণে তাঁর প্রায় ৫০০টি পেঁপের চারা নষ্ট হয়ে যায়। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েও দমে যাননি তিনি। নতুন পরিকল্পনায় এবার বিভিন্ন সবজির পাশাপাশি বিশেষ জাতের এই ডাটা শাক চাষ করেন তিনি, যা এখন এলাকার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ফেরদৌস মিয়ার এই সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগমাধ্যম। তাঁর ‘সৌখিন কৃষক’ নামক ফেসবুক পেজে ২ লাখেরও বেশি অনুসারী রয়েছে। সেখানে নিয়মিত কৃষিবিষয়ক শিক্ষামূলক ভিডিও আপলোড করেন তিনি। সম্প্রতি ৭ ফুট লম্বা ডাটা শাকের ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঢাকার উত্তরাসহ বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা সশরীরে বাগানটি দেখতে আসছেন।
উত্তরা থেকে আসা দর্শনার্থী শেখ আজিমুর রহমান বলেন, “ফেসবুকে ফেরদৌস ভাইয়ের ভিডিও দেখেই আসার আগ্রহ তৈরি হয়। তাঁর বাগানে এসে ৭ ফুট লম্বা ডাটা দেখে আমি সত্যিই অবাক হয়েছি। কৃষির এমন ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।”
কৃষক ফেরদৌস মিয়া জানান, কোরবানির ঈদকে সামনে রেখেই তিনি এই ডাটা চাষ করেছেন। তিনি বলেন, “এই ডাটাগুলো গরুর মাংসের সঙ্গে রান্না করলে চমৎকার স্বাদ পাওয়া যায়। চাহিদা এত বেশি যে, আরও বড় পরিসরে চাষ করলে সব বিক্রি হয়ে যেত। প্রতিটি ডাটা ১০০ টাকা করে বিক্রি করছি।”
তিনি আরও যোগ করেন, “কৃষিতে ব্যর্থতাই শেষ কথা নয়। সঠিক পরিকল্পনা ও পরিশ্রম করলে সাফল্য আসবেই। আমি চাই শিক্ষিত ও বেকার তরুণরা কৃষিতে এগিয়ে আসুক। মাত্র ২৫টি পেঁপে গাছ লাগিয়েও একজন শিক্ষার্থী ভালো আয় করতে পারে।”
বর্তমানে ফেরদৌস মিয়ার ৭ বিঘা জমিতে পেঁপে, কলা, লাউ, মিষ্টি কুমড়া, হলুদ ও মরিচসহ বিভিন্ন সবজি চাষ হচ্ছে। শুধু বাণিজ্যিক উদ্দেশ্যেই নয়, তিনি মসজিদ-মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ করে সামাজিক দায়িত্বও পালন করছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments