যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে এক ভয়াবহ চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এই হামলা চালানো হয়। এতে এনসিপির অঙ্গসংগঠন ছাত্রশক্তি ও যুবশক্তির চারজন নেতা গুরুতর আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন—ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রূপম আহসান অর্ণব।
এনসিপি সূত্র জানায়, সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে বেনাপোল সফরে গিয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সফর শেষে ফেরার পথে একদল দুষ্কৃতকারী অতর্কিতভাবে তাঁর গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায়। তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা অক্ষত ও নিরাপদে রয়েছেন।
হামলার প্রকৃত কারণ এবং কারা এই ঘটনার পেছনে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এনসিপি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments