নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মসজিদের ভেতরে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে ইয়ানবী (৩২) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরবর্তীতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাবো ভড়ভিটা এলাকার হাজী আব্দুর রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। আটক ইয়ানবী উক্ত এলাকার মনজু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইয়ানবী নামের ওই যুবক স্থানীয় হাজী আব্দুর রহমান জামে মসজিদে প্রবেশ করেন। এ সময় তিনি পবিত্র কোরআন শরীফের সঙ্গে অবমাননাকর আচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে স্থানীয় লোকজন তাঁকে শনাক্ত করে আটক করেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত যুবক মাদকাসক্ত এবং দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ। তবে তাঁর মানসিক অসুস্থতার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য বা ডাক্তারি সনদ পাওয়া যায়নি।
এদিকে ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, ‘‘কোরআন অবমাননার দায়ে স্থানীয় লোকজনের কাছ থেকে ওই যুবককে হেফাজতে নিয়ে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ডিআর




Comments