ফুলবাড়ীতে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মুনতাহা জান্নাত (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) রাতে উপজেলার নীলকমল ছড়া থেকে ফায়ার সার্ভিসের একটি দল শিশুটির মরদেহ উদ্ধার করে।
নিহত মুনতাহা জান্নাত উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ি গ্রামের আব্দুল মতিন ও মিম বেগম দম্পতির কন্যা।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার শিশু মুনতাহা তার বাবা-মায়ের সাথে বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ চর বড়ভিটা পাঠানটারী গ্রামে নানা গফুর মিয়ার বাড়িতে বেড়াতে যায়। সেখানে অবস্থানকালীন বিকেলের দিকে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের স্থানীয় নীলকমল ছড়ার পাড়ে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সে।
অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ৮টার দিকে ছড়ার পানি থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ শিশুটির মরদেহ দাফন-কাফনের জন্য স্বজনদের নিকট হস্তান্তর করেছে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় ও পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments