Image description

রংপুরের মিঠাপুকুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। এসব ঘটনার প্রতিবাদে এবং শঠিবাড়ীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে প্রায় ৫ ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

শনিবার (৬ জুন) দুপুরে শঠিবাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি বিআরটিসি বাসের ধাক্কায় দেলদার হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরপরই উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে আগামী ১৫ জুনের মধ্যে ওই স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু করার প্রতিশ্রুতি দেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে, একই দিন সকালে উপজেলার দমদমা এলাকায় বাস থেকে নামার পরপরই সবজিবোঝাই একটি দ্রুতগামী অটোভ্যানের ধাক্কায় জাকিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়। শিশুটি তার দাদা-দাদির সঙ্গে বাড়ি ফিরছিল। দুর্ঘটনার পর অটোভ্যানটি উল্টে যায় এবং চালক পালিয়ে যায়। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সড়ক নিরাপত্তা জোরদার ও বারবার দুর্ঘটনার প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

মানবকণ্ঠ/ডিআর