Image description

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়েছে। এ ঘটনায় শিশু ও নারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন যাত্রী। সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার আরস আলী মুন্সি (৭০) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০)। নিহত বাকি দুইজনের মধ্যে একজন পুরুষ ও একজন শিশু রয়েছে, যাদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরবর্তীতে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটেছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মানবকন্ঠ/আরআই