Image description

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি পানহাটির (সুপারি ও পান কেনাবেচার স্থান) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-রংপুর মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পানহাটি এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের পানহাটির নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থিত স্থানীয় দুটি পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে চলে যায় এবং বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে এবং কালো ধোঁয়ায় মহাসড়ক আচ্ছন্ন হয়ে পড়ে। ভয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা দিগ্বিদিক ছুটতে শুরু করেন। ঘটনার ফলে ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

রাজনৈতিক মহলের দাবি, এই সংঘর্ষ সরাসরি দলীয় কোনো কোন্দল নয়, বরং হাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের ব্যক্তিগত স্বার্থের লড়াই। তবে উভয় পক্ষেই রাজনৈতিক নেতাকর্মীদের সংশ্লিষ্টতা থাকায় বিষয়টি রাজনৈতিক রূপ নিয়েছে।

খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে পরিস্থিতির ভয়াবহতার কারণে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি স্বাভাবিক করতে বেগ পেতে হয় পুলিশকে। দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আজকের এই ঘটনার পেছনে গভীর কোনো ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। হরিদাস নামক একটি বিষয়কে আড়াল করার জন্যও এই তাণ্ডব চালানো হতে পারে। আমরা পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মানবকণ্ঠ/ডিআর