Image description

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী বিএডিসি আলু স্টোর এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের দাপুনিয়া গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে মৎস্য শিকারি ইছাম উদ্দিন (৫০) এবং পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা গ্রামের রুস্তম আলীর ছেলে কৃষক বাদল মিয়া (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাক শ্রীরামদী সরকারি হিমাগার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা আহত ৫ জনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি পুলিশ জব্দ করেছে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর