স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের নির্বাচনী এলাকা নরসিংদী জেলায় নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। রোববার (১৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই মঞ্জুরি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম হবে ‘নরসিংদী মেডিকেল কলেজ’। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নতুন এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ফলে নরসিংদীসহ পার্শ্ববর্তী জেলাগুলোর শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা শিক্ষার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে এই অঞ্চলের সাধারণ মানুষের আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপন জারির পর এখন সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কলেজের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম শুরুর প্রক্রিয়া গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments