Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের পাশে অবৈধভাবে ফেলা ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

রোববার (১৪ জুন) সকালে উপজেলার গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ করেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু), উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন ও সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু প্রমুখ।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘ঈদের ছুটির সুযোগ নিয়ে অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান মহাসড়কের পাশে বিপুল পরিমাণ বর্জ্য ফেলেছে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনার আলোকে গত দুই দিন ধরে প্রশাসনের তত্ত্বাবধানে বর্জ্য অপসারণের কাজ চলছে।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সড়কের পাশে কেউ যাতে বর্জ্য ফেলতে না পারে, সে জন্য কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিল্প ও পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক করতে একটি পৃথক ল্যান্ডফিল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। বর্তমানে উন্নত দেশগুলো বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও জৈব সার উৎপাদন করছে। আমরাও সেই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তরের চেষ্টা করছি।’

বর্জ্য অপসারণ শেষে প্রতিমন্ত্রী মহাসড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান। মহাসড়কের পাশে দীর্ঘদিনের স্তূপ করা বর্জ্য অপসারণের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মানবকণ্ঠ/ডিআর