Image description

রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। রোববার (১৪ জুন) সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোপীনাথদিয়া এলাকায় রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে ৩০ থেকে ৩৫ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেয় এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানার-ফেস্টুন প্রদর্শন করে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

মামলার পর পুলিশি অভিযানে রাজবাড়ী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহাগসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলেন— ছোট নুরপুর এলাকার মো. রাব্বানী (৪৬), রাধাকান্তপুর এলাকার মাইনউদ্দিন শেখ (৪২), ভবদিয়া এলাকার মো. নাসির উদ্দিন (৪২), আলাদীপুর এলাকার মো. রিয়াদ মন্ডল (২৬), ভান্ডারিয়া এলাকার মো. আব্দুস সালাম মিলন (৫৭), খানখানাপুর ইউনিয়নের রসুলপুর এলাকার নাহিদ মিয়া (২৪) এবং শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদি জয়পুর এলাকার মো. নাসির শেখ (৬৪)।

রাজবাড়ীর পুলিশ সুপার মঞ্জুর মোরশেদের নির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের রোববার রাজবাড়ীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক মো. হায়দার আলী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর