মিরসরাইয়ে পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে একটি পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার হাদিফকিরহাট এলাকার একটি পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ের ওপরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে মিরসরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৮০ বছর। উদ্ধারের সময় মরদেহটি উলঙ্গ অবস্থায় ছিল।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, "প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি কিছুটা পচে যাওয়ায় ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments