Image description

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার লালদীঘির পাড় এলাকায় প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামহরি বৈষ্ণব (২০) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রামহরি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কবিরপুর এলাকার বাসিন্দা। তিনি নগরীর লালদীঘির পাড় এলাকার একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দোকানের জানালায় আর্জেন্টিনার পতাকা লাগানোর সময় অসাবধানতাবশত পাশের বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসেন রামহরি। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা উদ্ধার করার আগেই তার প্রাণ চলে যায়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর