মিরসরাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচে ৩-২ গোলে জয়ী ব্রাজিল
চট্টগ্রামের মিরসরাইয়ে ফুটবলপ্রেমীদের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী মালিআইশ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই ম্যাচের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন 'দুর্বার প্রগতি'।
ফুটবলকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ম্যাচটি উপভোগ করতে মাঠে ভিড় জমান বিভিন্ন বয়সী শত শত ফুটবলপ্রেমী দর্শক। প্রিয় দলের পক্ষে সমর্থকদের স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো স্কুল প্রাঙ্গণ।
মাঠের লড়াইয়ে উভয় দলই অত্যন্ত আক্রমণাত্মক ও লড়াকু ফুটবল উপহার দেয়। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শেষ পর্যন্ত ব্রাজিল সমর্থক দল ৩-২ গোলের ব্যবধানে আর্জেন্টিনা সমর্থক দলকে পরাজিত করে বিজয়ের উল্লাসে মেতে ওঠে।
আয়োজক সংগঠন ‘দুর্বার প্রগতি’র সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, "মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন সুদৃঢ় করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনা সমর্থক হলেও আজকের ম্যাচে সমর্থকদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ ফুটে উঠেছে, সেটিই আমাদের বড় পাওয়া।"
বিজয়ীন দলের সমর্থক ইকবাল হোসেন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "ব্রাজিলের এই জয় আমাদের ঐক্য ও ভালোবাসার প্রতিফলন। আমরা দারুণ আনন্দিত। আশা করি এবারের বিশ্বকাপটাও আমাদেরই হবে।"
অন্যদিকে, আর্জেন্টিনা সমর্থক জে এ চৌধুরী তপু পরাজয় মেনে নিয়ে বলেন, "মাঠের লড়াইয়ে আমরা পিছিয়ে থাকলেও সমর্থকদের মধ্যে চমৎকার এক বন্ধন তৈরি হয়েছে। জয়-পরাজয় বড় কথা নয়, আমরা সবাই মিলে দারুণ একটি সময় উপভোগ করেছি। তবে আমাদের বিশ্বাস, চেনা ছন্দে থাকা মেসিই বিশ্বসেরা এবং আর্জেন্টিনাই আগামী বিশ্বকাপে ফেভারিট থাকবে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments