Image description

ফরিদপুরের মধুখালী উপজেলায় মাত্র দুই দিনের ব্যবধানে একই এলাকায় দুটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৭ জুন) রাতে উপজেলার মেঘচামী ইউনিয়নের বামুন্দী সর্বজনীন কালী মন্দিরের শিব প্রতিমার মাথা ভেঙে ফেলে দুষ্কৃতকারীরা। শতবর্ষী এই মন্দিরটি গ্রিল দিয়ে ঘেরা থাকলেও দুর্বৃত্তরা গ্রিলের ফাঁক দিয়ে কোনো বস্তু ব্যবহার করে শিবের মাথাটি ভেঙে ফেলে। পরদিন বৃহস্পতিবার সকালে মন্দিরের পূজারি বিনয় কৃষ্ণ বিশ্বাস পূজা দিতে গিয়ে বিষয়টি দেখতে পান।

এর আগে গত সোমবার (১৫ জুন) রাতে পার্শ্ববর্তী বিল আড়ালিয়া বাজারের কালী মন্দিরেও একই ধরনের ঘটনা ঘটে। সেখানে কালী প্রতিমার মাথা ভেঙে ফেলে দুর্বৃত্তরা। বাজার সংলগ্ন ওই মন্দিরটির সামনের অংশ খোলা থাকায় দুর্বৃত্তরা সহজেই এই তাণ্ডব চালায়।

স্থানীয়দের অভিযোগ, প্রথম ঘটনার পর পুলিশ কঠোর ভূমিকা নিলে মাত্র আধা কিলোমিটার দূরত্বের অন্য মন্দিরে দ্বিতীয়বার হামলার সাহস পেত না দুর্বৃত্তরা। বামুন্দী সর্বজনীন কালী মন্দিরের সভাপতি রঞ্জন সরকার জানান, প্রতিমা ভাঙার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে বিল আড়ালিয়া বাজার মন্দির কমিটির সভাপতি নিরোদ চক্রবর্তী জানান, সুনির্দিষ্ট কাউকে না চেনায় তারা কোনো মামলা করেননি। 

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, প্রতিমা ভাঙচুরের বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মানবকণ্ঠ/ডিআর