Image description

জামালপুরের বকশীগঞ্জে গারো পাহাড়ে ভারতীয় বন্য হাতির আক্রমণে জয়নাল আবদিন (৬৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) রাতে ধানুয়া কামালপুর ইউনিয়নের পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। শনিবার সকালে বন বিভাগের কর্মীরা বনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত জয়নাল আবদিন ধানুয়া কামালপুর ইউনিয়নের মৃর্ধাপাড়া গ্রামের অনিজের ছেলে। তিনি জীবিকার প্রয়োজনে বনের কাঠ সংগ্রহের কাজ করতেন।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বন্যপ্রাণী চলাচলের পথ (ওয়াইল্ড লাইফ করিডোর) সংলগ্ন পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যান জয়নাল। রাতে তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোনো সন্ধান না পেয়ে বিষয়টি বন বিভাগের ডুমুরতলা বিট অফিসে জানানো হয়।

শনিবার ভোরে বন কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় চারটি এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের নিয়ে বনের গহীনে তল্লাশি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সংরক্ষিত বনভূমির বাগিচাটিলা নামক স্থান থেকে জয়নাল আবদিনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জের কর্মকর্তা সুমন মিয়া বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা উদ্ধার অভিযান শুরু করি। বনের ভেতরে তার মরদেহ পাওয়া গেছে। নিহতের শরীরের ক্ষত দেখে নিশ্চিত হওয়া গেছে যে, তিনি বন্য হাতির আক্রমণের শিকার হয়েছেন।”

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাহাড়ি এলাকায় হাতির আনাগোনা বাড়ায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর