Image description

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিয়ালের অতর্কিত আক্রমণের শিকার হয়ে দুই নারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা এলাকায় পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলেন—উপজেলার চন্দ্রখানা পাঠানটারী এলাকার মৃত আব্দুল গনির মেয়ে রোকেয়া খাতুন (৭০) এবং একই ইউনিয়নের চন্দ্রখানা এলাকার সন্তোষ চন্দ্র রায়ের স্ত্রী চন্দনা রানী (৩৯)।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) সকালে রোকেয়া খাতুন প্রতিদিনের মতো বাড়ির পাশের সড়কে হাঁটতে বের হন। এসময় হঠাৎ একটি শিয়াল তাঁর ওপর আক্রমণ চালায়। শিয়ালের কামড়ে বৃদ্ধার মুখমণ্ডল ও দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত জখম হয়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে শিয়ালটিকে ধাওয়া করে মেরে ফেলেন। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

অন্যদিকে, একই দিন সকালে বাড়ির হাঁসকে খাবার দিতে গিয়ে শিয়ালের আক্রমণের শিকার হন চন্দনা রানী। হঠাৎ একটি শিয়াল ঝোপ থেকে বেরিয়ে এসে তাঁকে কামড়ে দেয়। পরে তাঁকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হয়। চিকিৎসা শেষে তিনি বর্তমানে বাড়িতে বিশ্রামে রয়েছেন।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত দুই নারীর মধ্যে রোকেয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজনকে প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

এদিকে, লোকালয়ে শিয়ালের এমন হিংস্র আচরণের খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের একা বাইরে বের হতে নিষেধ করছেন স্থানীয় সচেতন মহল।

মানবকণ্ঠ/ডিআর