সন্দ্বীপে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২২ পরীক্ষার্থী
চট্টগ্রামের সন্দ্বীপে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে সন্দ্বীপের ৫টি কেন্দ্রে মোট ২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের (কলেজ) ২১ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১ জন শিক্ষার্থী রয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্দ্বীপের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ঘুরে এবং কেন্দ্রসচিবদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এ বছর উপজেলার ৭টি কলেজ ও ৫টি মাদ্রাসার মোট ১ হাজার ২৩ জন পরীক্ষার্থী ৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
সরকারি হাজী আবদুল বাতেন কলেজ কেন্দ্রে ৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৮ জন। মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে ২১৭ জনের মধ্যে ৩ জন এবং সাউথ সন্দ্বীপ কলেজ কেন্দ্রে ২৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন অনুপস্থিত ছিলেন। এছাড়া বশিরিয়া আহমেদীয়া আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৩ জন।
পরীক্ষা চলাকালীন তীব্র গরমের কারণে এক পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। সার্বিকভাবে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন এবং শিক্ষা অফিসের কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। ইউএনও পরীক্ষা সংশ্লিষ্টদের কোনো প্রকার অনিয়ম ছাড়াই স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments