Image description

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে এক নবজাতকের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সীতাকুণ্ডে অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী জেলার সোনাগাজী উপজেলার একটি পরিবার চমেক হাসপাতালে মারা যাওয়া এক নবজাতকের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স যোগে বাড়ি ফিরছিলেন। পথে সীতাকুণ্ড পৌর সদরের মডার্ন হাসপাতালের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা তিন যাত্রী আহত হন। আহতরা হলেন—মৃত নবজাতকের চাচা আমীর হোসেন, দাদি সুফিয়া খাতুন ও নানি বিউটি বেগম। তাদের সবার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে পুনরায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর