Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি চিপস তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর বড় বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে কারখানার আসবাবপত্র, কাঁচামাল ও মূল্যবান যন্ত্রপাতিসহ প্রায় ৫ হাজার বর্গফুটের একটি সেমিপাকা ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে কারখানার ভেতরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৬টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।

কারখানার মালিক তাবারক কান্নাজড়িত কণ্ঠে দৈনিক মানবকণ্ঠকে বলেন, "এই কারখানাটিই ছিল আমার উপার্জনের একমাত্র পথ। আগুনে সব শেষ হয়ে আমি এখন পথের ফকির হয়ে গেলাম।" তিনি দাবি করেন, অগ্নিকাণ্ডে তার প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে তিনি সরকারের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছেন।

কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার (এসএসও) মো. জাহাঙ্গীর আলম দৈনিক মানবকণ্ঠকে জানান, "খবর পাওয়ার পরপরই আমাদের দুটি ইউনিট অভিযানে নামে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় কারখানার প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আগুনে প্রায় ৮ লক্ষ টাকার সম্পদ পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"

তিনি আরও নিশ্চিত করেন যে, অগ্নিকাণ্ডের সময় কারখানায় কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুনের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট-সার্কিটকেই দায়ী করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর