কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও গরুবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপে থাকা সাতটি গরুর মধ্যে ছয়টিই মারা গেছে। সোমবার (৬ জুলাই) বেলা সোয়া তিনটার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের সুখিয়াবাজার ব্র্যাক ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই পিকআপের যাত্রী ও চালক। তারা হলেন—নরসিংদীর শিবপুর উপজেলার সদর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে পিকআপ চালক খোকন মিয়া (৩৯), একই উপজেলার কুনদাইল গ্রামের আবু সাঈদের ছেলে বিল্লাল (৩৫) ও আব্দুস সোবহানের ছেলে খুর্শিদ উদ্দিন (৬০)। এ ঘটনায় বাসের চালক মান্নান সরকার (৫০) ও তার সহযোগী আমান (৩৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা গরুবোঝাই একটি পিকআপ নরসিংদীর দিকে যাচ্ছিল। পথে সুখিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকা-কিশোরগঞ্জ রুটের ‘অনন্যা ক্ল্যাসিক’ পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপ দুটিই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপের তিন আরোহীর মৃত্যু হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় পিকআপে থাকা ৬টি গরুও প্রাণ হারায়।
খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার মোস্তাফিজুর রহমান জানান, তারা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছেন এবং আহত বাস চালক ও সহযোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments