নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাওয়া খন্দকার (১৪) নামে এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে সাব্বির (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (৬ জুলাই) ভুক্তভোগী কিশোরীর মামা খন্দকার সোহাগ বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নিখোঁজ মাওয়া খন্দকার উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব গ্রামের খন্দকার মকবুলের মেয়ে এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
অভিযোগ সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা লিটন মিয়ার ছেলে সাব্বির দীর্ঘদিন ধরে মাওয়াকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সাব্বির ও তার বাবা এলাকায় মাদক সেবন, বিক্রি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সাব্বিরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে মাওয়াকে প্রতিনিয়ত ইভটিজিং ও বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল।
স্বজনরা জানান, গত রোববার (৫ জুলাই) বিকেলে মাওয়া নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। একই সময় থেকে অভিযুক্ত সাব্বিরও এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। পরিবারের ধারণা, অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের সহায়তায় সাব্বির পূর্ব পরিকল্পিতভাবে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে গেছে।
এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, কিশোরী নিখোঁজের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অপহৃতকে উদ্ধার এবং অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments