দিনাজপুরের বীরগঞ্জে দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় মা ও তাঁর তিন বছরের শিশু সন্তানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের পাঁচপীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত নারীর স্বামী গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন—দিনাজপুরের কাহারোল উপজেলার মালগ্রামের ফাহিমা আক্তার (২৮) এবং তাঁর ছেলে মো. আব্দুল্লাহ (৩)। আহত মো. নাজমুল ইসলাম বর্তমানে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নাজমুল ইসলাম তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। পথে পাঁচপীর এলাকায় একটি দ্রুতগতির পিকআপ তাঁদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা ফাহিমা ও শিশু আব্দুল্লাহ প্রাণ হারান। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments