রাঙ্গামাটিতে পাহাড় ধসের মাটি সরাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
রাঙ্গামাটির বাঘাইছড়িতে টানা বৃষ্টির ফলে পাহাড় ধসে মাটিচাপা পড়ে লক্ষ্মী বিলাশ চাকমা (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত লক্ষ্মী বিলাশ ওই এলাকার মৃত দ্রোণাচার্য চাকমার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিনের ভারী বর্ষণে সোমবার রাতে লক্ষ্মী বিলাশ চাকমার বসতঘরের পাশের পাহাড়ের কিছু অংশ ধসে পড়েছিল। মঙ্গলবার সকালে তিনি সেই ধসে পড়া মাটি সরাতে যান। মাটি সরানোর সময় হঠাৎ ওপর থেকে একটি গাছের গুঁড়িসহ আরও মাটি তাঁর ওপর ধসে পড়ে। এতে তিনি মাটির নিচে পুরোপুরি চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়রা এসে মাটি ও গাছ সরিয়ে তাঁর নিথর দেহ উদ্ধার করেন।
ঘটনার খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারকে সহায়তার আশ্বাস দেন এবং পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী জনসাধারণকে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দিয়ে মাইকিং করার ব্যবস্থা করেন। এছাড়া স্থানীয় বিএনপির নেতৃবৃন্দও ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেছেন।
বাঘাইছড়ি থানার এসআই রিয়াজুল ইসলাম রানা জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments