Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আড্ডা দিতে নিষেধ করায় একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। এ সময় দায়িত্বরত এক আনসার সদস্যকে মারধর করে দুর্বৃত্তরা।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে বেশ কয়েকজন যুবক হাসপাতাল চত্বরে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দায়িত্বরত আনসার সদস্য মো. গিয়াস উদ্দিন তাদের সেখান থেকে সরে যেতে বললে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। যুবকরা তাকে দেখে নেওয়ার হুমকি দিলে গিয়াস উদ্দিন একজনকে আটক করে ভেতরে নিয়ে যান। পরে তাকে ছেড়ে দেওয়া হলে কিছুক্ষণ পর একদল দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে হাসপাতালের প্রধান ফটকে হামলা চালায় এবং গিয়াস উদ্দিনকে কিল-ঘুষি মেরে আহত করে।

হঠাৎ এই হামলায় হাসপাতালের চিকিৎসক, কর্মচারী ও চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। হামলাকারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।”

শেষ খবর পাওয়া পর্যন্ত, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

মানবকণ্ঠ/ডিআর